মিরিঞ্জা ভ্যালি (Mirinja Valley) বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা যায়। এখানে আকাশ-মেঘ ভ্রমণপিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে।

প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। মাতামুহুরী নদীর সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে। বর্তমানে মিরিঞ্জা ভ্যালি ও মারাইংছা হিল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটা জায়গা।

এখানে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন নিজের মতো করে। পরিস্কার আকাশে হঠাৎ মেঘের আনাগোনা। এই রোদ তো এই বৃষ্টি। রাতভর শোনা যায় শিশির পতনের শব্দ। সকাল বেলা পুরো ভ্যালি ভেসে থাকে মেঘেতে। বর্তমানে বাংলাদেশের পর্যটন খাতে মিরিঞ্জা দারুন এক আকর্ষণের নাম। সাজেক ভ্যালির মতই দিনে দিনে এর আকর্ষণ বেড়েই চলেছে।

শুধু মিরিঞ্জা ভ্যালি নয়, মিরিঞ্জা ভ্যালির আশেপাশে অন্য পাহাড় গুলোর ভ্যালি নিয়েও এখন অনেক রিসোর্ট গড়ে উঠেছে। কাছেই রয়েছে সুখিয়া ভ্যালি, সেখানেও অনেক গুলো রিসোর্ট আছে। এছাড়া মাতামুহুরী নদীর কূল ঘেঁষে বেশ কিছু ভালো রিসোর্ট তৈরি হয়েছে।

মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উপায়

মিরিঞ্জা ভ্যালি যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবান জেলার আলিকদম উপজেলার মিরিঞ্জা বাজারে আসতে হবে। ঢাকা থেকে বাসে সরাসরি মিরিঞ্জা বাজার যাওয়া যায়। অথবা চট্টগ্রাম বা চকোরিয়া হয়ে মিরিঞ্জা বাজার যাওয়া যায়।

ঢাকা থেকে সরাসরি

ঢাকা থেকে বেশ কয়েকটি বাস ঢাকা-আলীকদম রূটে চলাচল করে। এই বাস গুলো দিয়ে মিরিঞ্জ্যা ভ্যালি আসা সবচেয়ে সহজ হবে। তবে আগে থেকে টিকেট না কেটে রাখলে অনেক সময় টিকেট পাওয়া যায়না। ঢাকা থেকে বাসে আলীকদমের আগেই মিরিঞ্জা বাজারে নেমে যেতে হবে।

চকরিয়া হয়ে

যদি আলীকদমের বাসে যাবার সুযোগ না থাকে তবে দেশের যে কোন জায়গা থেকে কক্সবাজারগামী বাসে করে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে। সেখান থেকে লামা-আলীকদম পথে জিপ, চান্দের গাড়ি, বাস বা সিএনজিচালিত অটোরিকশায় মিরিঞ্জা ভ্যালি যাওয়া যায়।

বাস কিংবা জিপের ভাড়া ৬০ থেকে ৮০ টাকা। সিএনজি ভাড়া ৯০-১০০ টাকা। চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার যেতে ৪০-৫০ মিনিট সময় লাগবে।

চট্টগ্রাম থেকে

আপনার সুবিধামতো চট্টগ্রাম এসে নতুন ব্রীজ বাস টার্মিনাল থেকে থেকে কক্সবাজার গামী বাসে উঠে চকরিয়া নেমে উপরে উল্লেখিত পথে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি।

কক্সবাজার থেকে

অনেকেই কক্সবাজার থেকে মিরিঞ্জা ভ্যালি যেতে চান, এইক্ষেত্রে কক্সবাজার বাস স্টেশন থেকে চট্টগ্রাম গামী যে কোন বাসে উঠে চকোরিয়া নেমে উপরে উল্লেখিত পথে মিরিঞ্জা ভ্যালি যেতে পারবেন।

বান্দরবান থেকে

বান্দরবান শহর থেকে মিরিঞ্জা ভ্যালি যেতে চাইলে আপনাকে বান্দরবান থেকে চট্টগ্রামের সাতকানিয়া এসে চকোরিয়া ঘুরে যাওয়া সুবিধাজনক হবে। তবে যদি আপনি পাহাড়ি রাস্তা হয়ে যেতে চান এক্ষেত্রে বান্দরবান থেকে নীলগিরি-থানচি-আলিকদমের পাহাড়ি রাস্তা হয়ে মিরিঞ্জা ভ্যালিতে আসতে হবে।

মিরিঞ্জা বাজার থেকে রিসোর্টে যাওয়া

মিরিঞ্জা বাজারে গাড়ি থেকে নেমে ১০ মিনিট পাহাড়ে ট্রেকিং করলেই মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলো দেখতে পাবেন। আপনার রিসোর্টের অবস্থান অনুযায়ী হেঁঁটে যেতে চাইলে ২০ মিনিট থেকে ১ঘন্টা পর্যন্ত লাগতে পারে। রিসোর্টের অবস্থান দূরে হলে কিংবা ট্রেকিং এর কষ্ট করতে না চাইলে মোটরসাইকেল ভাড়ায় রিসোর্টে যেতে পারবেন, দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাড়া ১০০-৩০০ টাকা লাগতে পারে।

মিরিঞ্জা ভ্যালির দূরত্ব ঢাকা থেকে প্রায় ৩৭০ কিলোমিটার। চট্টগ্রাম থেকে প্রায় ১১৫ কিলোমিটার, চকরিয়া থেকে ২৪ কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে প্রায় ৬৪ কিলোমিটার।

আরও পড়ুনঃ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উপায়

মিরিঞ্জা ভ্যালির রিসোর্ট

মিরিঞ্জা ভ্যালিতে ৪০টিরও বেশি জুম ঘর ও রিসোর্ট রয়েছে। যেহেতু জায়গাটি খুব জনপ্রিয়তা পেয়েছে, দিন দিন জুম ঘর স্টাইলের রিসোর্টের সংখ্যা বেড়ে চলছে। প্রতিটি জুম ঘরের জন্য ভাড়া ১,৫০০ থেকে ৩,০০০ টাকা। একটা জুম ঘরে ৪-১০ জন পর্যন্ত থাকা যায়।

বর্তমানে এটাচ বাথরুম ও ব্যালকনি সহ কিছু গুছানো ভালো রিসোর্ট তৈরি হয়েছে, যে গুলোতে থাকতে খরচ হবে ৩,০০০ থেকে ৬,০০০ টাকা। কাপল রুম যেমন আছে তেমনি গ্রুপ করে একসাথে থাকার জুম ঘরও পাবেন।

মিরিঞ্জা ভ্যালির জনপ্রিয় রিসোর্টের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

মিরিঞ্জা হিল রিসোর্ট (Mirinja Hill Resort) এ জুম ঘরে থাকতে খরচ হবে ২,০০০ টাকা, থাকতে পারবেন একসাথে ৬/৭ জন। যোগাযোগঃ 01866-286095 | Facebook Page

মারাইংছা হিল রিসোর্ট (Maraingcha Hill) এ পড-হাউজ অথবা প্রিমিয়াম কটেজে থাকতে খরচ হবে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা ও তাঁবুতে থাকতে খরচ হবে ৯০০ টাকা। যোগাযোগঃ 01886673717 | Facebook Page

লামা হিল স্টেশন (Lama Hill Station) এই রিসোর্টের পড হাউজ ও কটেজে থাকতে খরচ হবে ২,৫০০ টাকা থকে ৪,৫০০ টাকা, জুম ঘরে ২,০০০ টাকা ও তাঁবুতে ৫০০ টাকা। যোগাযোগঃ 01886-301006 | Facebook Page

চুংদার বক (Chungdaar Bokh) (একটু ভিতরে) রিসোর্টে এ পড হাউজ ও প্রিমিয়াম রুমে থাকতে খরচ হবে ৪,৫০০ থকে ৬,৫০০ টাকা একসাথে থাকা যাবে ৬ জন। জুমঘরে খরচ হবে ২,৫০০ টাকা, থাকতে পারবেন ৮ জন ও তাঁবুতে জনপ্রতি খরচ হবে ৩০০ টাকা। যোগাযোগঃ 01316764051 | Facebook Page

মিরিঞ্জা মেঘ মাচাং রিসোর্টে (Mirinja Megh Machang Resort) পড হাউজ ও কটেজে থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থকে ৬,০০০ টাকা, জুমঘরে ২,৫০০ টাকা ও তাঁবুতে তিন বেলা খাবার সহ ১,১০০ টাকা। যোগাযোগঃ 01538-236836 । Facebook Page

আরও কিছু জনপ্রিয় রিসোর্টঃ

  • ডেঞ্জার হিল রিসোর্ট (Danger Hill Resort)
  • আগারং রিসোর্ট (Agarang Resort) (একটু ভিতরে)
  • মেঘকুঞ্জ রিসোর্ট (Meghkunjo Resort)
  • মিরিঞ্জা হ্যাভেন রিসোর্ট (Mirinja Heaven Resort)
  • মিরিঞ্জা হাফং রিসোর্ট (Mirinja Haphong Resort)
  • জঙ্গল বিলাস রিসোর্ট (Jungle Bilash Resort) (একটু ভিতরে)
  • মিরিঞ্জা ইকো রিসোর্ট (Mirinja Eco Resort)

জুম ঘর ছাড়াও এখানে তাবুতে থাকার ব্যবস্থা আছে। ভিন্ন স্বাদ নিতে থাকতে পারেন তাবু ঘরেও। ২/৩ বেলা খাবারের প্যাকেজ সহ জুম ঘর বা তাবুর ভাড়া সাধারণত জনপ্রতি ৮০০ থেকে ১১০০ টাকা হয়ে থাকে। ছুটির দিন গুলোতে গেলে আগেই পছন্দের রিসোর্ট বুকিং দিয়ে যাওয়া ভালো হবে।

মিরিঞ্জা রিসোর্ট বুকিং টিপস

মিরিঞ্জা ভ্যালি (Mirinja Valley) যাবার সবচেয়ে বড় আকর্ষণ সকালের মেঘ। প্রায় সারা বছর এখানে মেঘের আনাগোনা থাকে, তবে সবচেয়ে বেশি মেঘের দেখা মিলে জুন থেকে নভেম্বর মাসে। তাই মিরিঞ্জা যাওয়ার উপযুক্ত সময় তখনই। যদিও শীতের সময় পর্যটকের ভীড় বেশি থাকে।

মিরিঞ্জা ভ্যালি প্রবেশ পথের ডান পাশের রিসোর্ট গুলো থেকে ভ্যালি সুন্দর দেখা যায়, তাই মেঘের সুন্দর ভিউ ডান পাশের রিসোর্ট গুলো থেকেই পাবেন। অথবা সবার উচুতে যে সব রিসোর্ট আছে।

মিরিঞ্জা বাজার থেকে পাহাড়ের উপরে যতই যেতে থাকবেন, দুই পাশে অনেক রিসোর্টের দেখা পাবেন। প্রায় ১ ঘন্টা হেঁটে গিয়ে শেষ হয়েছে মিরিঞ্জা ভ্যালির রিসোর্ট গুলো। শুকনো সময়ে হেঁটে যেতে সমস্যা না হলেও বৃষ্টির সময়ে রাস্তায় অনেক কাদা থাকে। বিশেষ করে ভিতরের দিকে রিসোর্ট গুলোতে যাওয়া কষ্টকর হতে পারে।

জুম ঘরে সাধারণ মানের বিছানা বালিশ কাঁঁথা থাকে। খুব আয়েশি কিছু ভাবলে ভুল হবে। এছাড়া কমন ওয়াশরুম ব্যবহার করতে হয়। বিদুৎ না থাকলে দিনের বেলায় বেশ গরমও লাগতে পারে। সেইসব মাথায় রাখবেন। একটু লাক্সারি পছন্দ হলে প্রিমিয়াম মানের রুম সহ রিসোর্টে থাকতে পারেন।

মিরিঞ্জা ভ্যালির শুরু দিকে কিছু রিসোর্টে বিদ্যুত সংযোগ থাকলেও পিছনের দিকে রিসোর্ট গুলোতে সংযোগ নেই এখনো। ফ্যান ও লাইটের জন্যে সোলার প্যানেলের সাহায্যে বিদুৎ ব্যবস্থা আছে।

পর্যটকদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করতে অল্প সময় জেনারেটর চালানো হয় অনেক রিসোর্টে। তাই বুকিং এর আগে জেনে নিন ডিভাইজ চার্জের কি কি সুবিধা আছে।

একটু নিরিবিলি পরিবেশ চাইলে ভিতরের দিকে রিসোর্ট গুলো পছন্দ করতে পারেন। তবে রিসোর্টে যাওয়া আসার জন্যে সময় লাগবে বেশি।

মিরিঞ্জা যাবার আগেই রিসোর্ট পছন্দ করে যোগাযোগ করে যান। আগেই বুকিং করতে চাইলে প্যাকেজ ও সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলাপ করে নিন।

কোথায় খাবেন

মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলোতে তিন বেলা প্যাকেজ খাবারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে সকালে ডিম-খিচুড়ি কিংবা মুরগির মাংস। দুপুরে সাদা ভাত, ডাল, মুরগি এবং সবজি ও সালাদ। এ ছাড়া রাতে বারবিকিউ, চিকেন, কাবাব ও পরোটার ব্যবস্থা রয়েছে। তিন বেলা খাবারের প্যাকেজের মূল্য ৭০০ থেকে ১২০০ টাকা।

আশেপাশের দর্শনীয় স্থান

মিরিঞ্জা ভ্যালির কাছেই আছে সুখিয়া ভ্যালি, মাতামুহুরী নদী, আলিকদমে রয়েছে মারাইংতং পাহাড় ও আলীর গুহা। যাওয়ার সুযোগ রয়েছে ডিম পাহাড় হয়ে বান্দরবান। এছাড়া মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার খুব কাছেই তাই মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সাথে যুক্ত করতে পারেন কক্সবাজার ভ্রমণ।

ভ্রমণ টিপস

কিছু রিসোর্টে বিদ্যুত এর ব্যবস্থা থাকলেও বেশ কম সময় বিদ্যুত পাওয়া যায়, আর ভিতরের দিকে রিসোর্ট গুলোতে বিদ্যুৎ এর সংযোগ নেই, তাই সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়া ভালো হবে।

আর সাথে করে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে হবে, যাত্রাপথে চেক পোস্টে আপনার এই পরিচয়পত্র জমা দিতে হবে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

ম্যাপে মিরিঞ্জা ভ্যালি

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।