আকিলপুর সমুদ্র সৈকত (Akilpur Sea Beach) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও নিমতলা গ্রাম সংলগ্ন উপকূলে অবস্থিত। স্থানীয়দের কাছে এই সৈকতটি “কুমিরা সৈকত” (Kumira Sea Beach) নামেই বেশি পরিচিত। চট্টগ্রাম মূল শহর থেকে মাত্র ১৮ কিলোমিটারের দূরত্বে থাকা এই সমুদ্র সৈকত সাম্প্রতিক সময়ে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আজ যে আকিলপুরকে এত শান্ত আর সুন্দর দেখা যায়, তার পেছনের গল্পটা টিকে থাকার সংগ্রামের। একসময় এই পুরো এলাকাটি ছিল জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের ভয়াবহ ঝুঁকিতে। সামান্য দুর্যোগেই বছরে অন্তত দু-তিনবার গ্রামের পর গ্রাম তলিয়ে যেত, ভেসে যেত ফসল আর ঘরবাড়ি সাথে জীবনের ঝুঁকি তো ছিলই।
গ্রামবাসীকে এই দুর্ভোগ থেকে বাঁচাতে সরকার এখানে একটি মজবুত বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। ২০১৬-১৭ সালের দিকে তৎকালীন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রকল্পটির উদ্বোধন করেন। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুই কিলোমিটার দীর্ঘ এই প্রতিরক্ষা বাঁধটির কাজ শেষ হয় ২০১৯ সালে। বাঁধটিকে টিকিয়ে রাখতে বসানো হয় বিশালাকার পাথর ও কংক্রিটের ব্লক, আর আশপাশে রোপণ করা হয় সারি সারি গাছপালা। সময়ের পরিক্রমায় সেই নিরাপত্তা বাঁধ আর সবুজ গাছগাছালিই আজ আকিলপুরকে দিয়েছে এক অনন্য রূপ। এখন পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তৈরি করা হয়েছে বসার ব্যবস্থা, কিছু দোকানপাট আর শৌচাগার।
কিভাবে যাবেন
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, আরামবাগ বা মহাখালী থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে উঠে নামতে হবে “ছোট কুমিরা বাজার” মোড়ে। সেখান থেকে লোকাল অটোরিকশা ভাড়া করেই সোজা পৌঁছে যাওয়া যায় সৈকতে।
ট্রেনে আসতে চাইলে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস অথবা মহানগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে উঠে নামতে হবে কুমিরা রেলস্টেশনে। স্টেশন থেকে রিকশা বা অটোরিকশা নিয়ে কুমিরা বাজার হয়ে সৈকতে যেতে পারবেন। চট্টগ্রাম স্টেশনে নেমে আবার উল্টো আসার চেয়ে কুমিরাতেই নেমে যাওয়াটা বেশি সুবিধাজনক।
চট্টগ্রাম থেকেঃ শহরের অলংকার মোড়, একে খান বা কদমতলী থেকে লোকাল বাসে করে নামুন ছোট কুমিরা বাজার কিংবা বাঁশবাড়িয়া বাজারে। সেখান থেকে সরাসরি অটোরিকশায় চড়ে সহজেই আকিলপুর সৈকতে যাওয়া যায়।
কোথায় থাকবেন
কুমিরা বা সীতাকুণ্ড সদরের দিকে থাকার জন্য কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। তবে আরও ভালো মানের থাকার জায়গা চাইলে চট্টগ্রাম শহরের অলংকার মোড়, আগ্রাবাদ, জিইসি, স্টেশন রোড বা নিউ মার্কেট এলাকার হোটেলগুলোতে ওঠাই ভালো। আকিলপুর থেকে ঘুরে একই দিনে শহরে ফিরে আসা বেশ সহজ, তাই অনেকেই দিনে গিয়ে দিনেই শহরে চলে আসেন।
কোথায় খাবেন
ছোট কুমিরা বাজার এলাকায় দুপুরের খাবার বা রাতের সেরে নেওয়ার জন্য কিছু মাঝারিমাপের রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে দু-একটি খাবার দোকানের লোকাল খাবারের বেশ সুনাম রয়েছে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
