রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘরের (Bangladesh Military Museum) এক্সিবিশন হলে গড়ে তোলা হয়েছে এক বিস্ময়কর জগত থ্রিডি আর্ট ওয়ার্ল্ড (3D Art World)। এটি মূলত একটি অপটিক্যাল ইলিউশন গ্যালারি যেখানে দেয়াল ও মেঝেতে আঁকা প্রতিটি ছবি আপনার ক্যামেরার ফ্রেমে জীবন্ত হয়ে ধরা দেবে। একই সাথে আপনি এখানে সিলেটের চা বাগান, সমুদ্র সৈকত কিংবা আলিবাবার গুপ্তধনের গুহায় হারিয়ে যেতে চাইলে এই গ্যালারিটি আপনার জন্য সেরা গন্তব্য। পরিবার বা বন্ধুদের নিয়ে ভিন্নধর্মী বিনোদন এবং ইনডোর ভ্রমণের জন্য এটি বর্তমানে ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থান।
থ্রিডি আর্ট গ্যালারিতে কি দেখবেন
এই গ্যালারিতে প্রবেশ করা মানেই একটি কাল্পনিক জগতের অংশ হওয়া।
অপটিক্যাল ইলিউশন (Optical Illusion): এখানে এমনভাবে ছবিগুলো আঁকা হয়েছে যে নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ছবি তুললে মনে হবে আপনি সত্যিই পাহাড়ের সরু ব্রিজ পার হচ্ছেন বা ড্রাগনের সামনে দাঁড়িয়ে আছেন।
মিরর মেজ (Mirror Maze): গ্যালারির আন্ডারগ্রাউন্ডে রয়েছে একটি আয়নার গোলকধাঁধা। চারিদিকে নিজের অসংখ্য প্রতিবিম্বের মাঝে সঠিক পথ খুঁজে বের করার অভিজ্ঞতাটি বেশ রোমাঞ্চকর।
দেশি-বিদেশি থিম: আলিবাবার গুহা, আলাদিনের চেরাগ, গ্রামীণ পান্তা-ইলিশের দোকান, কিংবা ফাইটার জেটে ওড়ার মতো চমৎকার সব সেট এখানে রয়েছে।
সময়সূচি ও টিকিট মূল্য
থ্রিডি আর্ট ওয়ার্ল্ডে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য ২০০ টাকা। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সামরিক জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিনে এটিও বন্ধ থাকে।
কিভাবে যাবেন
থ্রিডি আর্ট ওয়ার্ল্ড বাংলাদেশ সামরিক জাদুঘরের ভিতরেই অবস্থিত। সামরিক জাদুঘরে যাওয়ার সবচেয়ে দ্রুত ও সহজ মাধ্যম হলো মেট্রোরেল। যেকোনো স্টেশন থেকে উঠে বিজয় সরণি স্টেশনে নামুন। স্টেশন থেকে বের হয়ে কয়েক মিনিট পূর্ব দিকে হাঁটলেই সামরিক জাদুঘর কমপ্লেক্স পেয়ে যাবেন। এছারা ঢাকার যেকোনো প্রান্ত থেকে বিজয় সরণি বা ফার্মগেটগামী বাসে উঠতে পারেন। জাদুঘরের প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকে সরাসরি এক্সিবিশন হলে চলে গেলেই দেখা মিলবে এই থ্রিডি আর্ট ওয়ার্ল্ডের।
কোথায় খাবেন
থ্রিডি আর্ট ওয়ার্ল্ড ও সামরিক জাদুঘর পরিদর্শনের সময় খাওয়া-দাওয়া নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না। জাদুঘর কমপ্লেক্সের ভেতরেই রয়েছে আধুনিক মানের নীহারিকা রেস্টুরেন্ট। এখানকার খাবারের মান বেশ উন্নত। যদিও সাধারণ রেস্টুরেন্টের তুলনায় দাম কিছুটা বেশি মনে হতে পারে, তবে পরিবেশ এবং স্বাদের দিক থেকে এটি সেরা। হালকা নাস্তা বা কফির জন্য ভেতরে একটি চমৎকার কফি শপ রয়েছে। আড্ডার ফাঁকে কফি এবং স্ন্যাকস খাওয়ার জন্য এটি একটি দারুণ জায়গা।
টিপস
- ফটোগ্রাফি: নিখুঁত থ্রিডি ইফেক্ট পেতে মেঝের নির্দিষ্ট মার্কিং পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলুন।
- সময় নির্বাচন: ছুটির দিনে ভিড় বেশি থাকে, তাই সম্ভব হলে সপ্তাহের কাজের দিনগুলোতে যাওয়ার চেষ্টা করুন।
- একসাথে দুই ভ্রমণ: যেহেতু এটি সামরিক জাদুঘরের ভেতরেই, তাই হাতে সময় নিয়ে আসলে একই সাথে এই জাদুঘরটিও দেখে নিতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
