চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা পার্বত্য রূপের রানী বান্দরবান ভ্রমণ পাগল পর্যটকদের কাছে যেন এক স্বর্গ রাজ্য। দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখতে চাইলে বান্দরবান অতুলনীয়। প্রাকৃতিক ঝর্ণা, সুউচ্চ পাহাড় আর নৈস্বর্গিক লেকের মতো বেশকিছু দর্শনীয় স্থান সমৃদ্ধ করেছে এই পার্বত্য জেলাকে। এছাড়া এখানে সময়ে সময়ে হাত বাড়িয়ে মেঘ ছোঁয়ার অভিজ্ঞতাও নেয়া যায়।
বান্দরবান জেলার দর্শনীয় স্থানের মধ্যে নীলগিরি, নীলাচল, কেওক্রাডং, বগালেক, শৈলপ্রপাত ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, নাফাখুম, মেঘলা পর্যটন কেন্দ্র, আলীর গুহা এবং স্বর্ণ মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য।
বিভিন্ন প্রয়োজনে তাই বান্দরবান গমনকারী মানুষের সংখ্যা মোটেও কম নয়। এছাড়া ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে অসংখ্য পর্যটকের সমাগম ঘটে। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে বান্দরবান যাওয়ার উপায় এবং ভ্রমণ খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো।
যেভাবে ঢাকা থেকে বান্দরবান যাবেন
রাজধানী ঢাকা হতে সরাসরি বান্দরবান যাওয়ার জন্য বাস ছাড়া দ্বিতীয় কোন ব্যবস্থা নেই। যদি রেলওয়ে কিংবা আকাশ পথে বান্দরবান যেতে চান সেক্ষেত্রে ট্রেন বা প্লেনে চড়ে প্রথমে চট্টগ্রাম এসে সেখান থেকে অন্য উপায়ে বান্দরবান যেতে হবে। ঢাকা থেকে সরাসরি বাসেই বান্দরবান যাওয়া সবচেয়ে ভালো এবং আরামদায়ক।
ঢাকা থেকে বাসে বান্দরবান
ঢাকা থেকে বান্দরবান (Dhaka To Bandarban Bus) যাওয়ার বিভিন্ন মানের বাস সার্ভিস আছে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে সেন্টমার্টিন হুন্ডাই (রবি এক্সপ্রেস), সৌদিয়া কোচ সার্ভিস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ডলফিন পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, এস আলম সার্ভিস, সেন্টমার্টিন পরিবহন, সেন্টমার্টিন ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস এর বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় ৩২৬ কিলোমিটার এবং বাসে বান্দরবান যেতে সময় লাগে প্রায় ৮-১০ ঘন্টা।
আর বান্দরবানগামী এসি বাসের মধ্যে আছে দেশ ট্রাভেলস, সেইন্টমার্টিন পরিবহন, সেন্টমার্টিন হুন্দাই পরিবহন, শ্যামলী পরিবহন (এসপি ও এনআর) এবং হানিফ এন্টারপ্রাইজ।
| বাসের ধরণ | ভাড়া |
| নন এসি বাস | ৮৭০ থেকে ৯৫০ টাকা |
| এসি বাস | ১,৫০০ থেকে ১,৮০০ টাকা |
ঢাকা থেকে ট্রেনে বান্দরবান
রেলপথে ঢাকা হতে সরাসরি বান্দরবান যাওয়ার কোন উপায় নেই। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে সেখান থেকে বাসে যাওয়া যাবে বান্দরবান। চট্টগ্রাম থেকে বান্দরবান যাবার উপায় নিচে দেওয়া আছে।
ঢাকার কমলাপুর রেলষ্টেশন হতে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং মহানগর গোধূলী ট্রেন চট্টগ্রামের পথে চলাচল করে। আন্তঃনগর ট্রেন ছাড়াও ঢাকা হতে চট্টগ্রামগামী বেশকিছু মেইল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে।
ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের টিকেট মূল্য
| ক্লাস | ভাড়া |
| এসি বার্থ | ১,৫৯১ টাকা |
| এসি সিট | ১,০৩০-১,১৩৩ টাকা |
| প্রথম শ্রেণী | ৬৮৫-৭৫৪ টাকা |
| প্রথম শ্রেণী বার্থ | ১,০৮০ টাকা |
| স্নিগ্ধা | ৮৫৭-৯৪৩ টাকা |
| শোভন চেয়ার | ৪৫০-৪৯৫ টাকা |
অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে এবং AC_B/F_BERTH এই শ্রেণীর টিকিটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।
ঢাকা থেকে বিমানে বান্দরবান
ঢাকা হতে বান্দরবান যেতে আকাশপথে গমণ একটি অপ্রচলিত মাধ্যম। তবে চাইলে ঢাকা হতে বিমানে চড়ে চট্টগ্রাম এসে বাসে বান্দরবান আসতে পারবেন। ঢাকা থেকে প্লেনে কিভাবে যাবেন তা জানতে হলে পড়ুন চট্টগ্রাম যাওয়ার উপায়।
চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার উপায়
চট্টগ্রাম থেকে বাসে বান্দরবান (Chittagong to Bandarban) যাওয়া যায় কয়েক ভাবে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে মার্সা, পূবালী, পূর্বানী বাসে অথবা চট্টগ্রামের নতুন ব্রিজ হতে মার্সা বাস সার্ভিসে ১৮০-২২০ টাকা ভাড়ায় বান্দরবান যেতে পারবেন। চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার, বাসে যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা।
অথবা আপনি লোকাল বাস বা সিএনজিতে করে কেরানীহাট মোড় এসে সিএনজিতে যেতে পারবেন বান্দরবান।
চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবান যাওয়ার কোনো ট্রেন নেই। তবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সৈকত এক্সপ্রেস অথবা প্রবাল এক্সপ্রেস ট্রেনে করে সাতকানিয়া রেলওয়ে স্টেশন নেমে সেখান থেকে সিএনজি অথবা বাসে করে বান্দরবান যাওয়া যায়। সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে বান্দরবানের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
এছাড়া চট্টগ্রাম রেলস্টেশন বা যে কোন বাস স্ট্যান্ডে বান্দরবান যাবার জন্যে প্রাইভেট কার পাবেন। সেটাও একটা উপায় হতে পারে সহজে চট্টগ্রাম থেকে বান্দরবান যাবার জন্যে।
অন্যান্য জেলা থেকে বান্দরবান যেতে চাইলে
ঢাকা বা চট্টগ্রামের বাইরের কোন জেলা হলে আপনার সুবিধামত সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা থাকলে তা ব্যবহার করতে পারেন। যদি সরাসরি বান্দরবান যাবার উপায় না থাকে তাহলে চট্টগ্রাম এসে উপরে উল্লেখিত উপায়ে চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে পারবেন।
আরেকটা উপায় হতে পারে, যদি কক্সবাজার গামী বাস সার্ভিস থেকে থাকে আপনার এলাকায়, তাহলে সেই বাসে করে কক্সবাজারের আগেই চট্টগ্রামের কেরানীহাট বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে। সেখান থেকে বান্দরবান মাত্র ২২ কিলোমিটার দূরে। লোকাল/রিজার্ভ সিএনজি দিয়ে বান্দরবান যেতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
