রাঙ্গামাটির ঐতিহ্যবাহী পাহাড়ি ভাষা ‘চাকমা’য় ‘গরবা’ মানে মেহমান বা অতিথি আর ‘গুদি’ মানে ঘর অর্থাৎ ‘গরবা গুদি’ (Gorba Gudi) শব্দের অর্থ ‘অতিথির ঘর’। এটি রাঙ্গামাটি জেলার একদম প্রথম হোমস্টে, যা প্রাকৃতিক পরিবেশের সাথে নিখুঁতভাবে তাল মিলিয়ে গড়ে উঠেছে।

গরবা গুদি হোমস্টেটির (Gorba Gudi HomeStay) উদ্যোক্তা নীলা চাকমা। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ করার পর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে টানা সাড়ে তিন বছর চাকরি করেন। তবে বাঁধাধরা চাকরির ছক ভেঙে নিজের শিকড় ও প্রকৃতির কাছাকাছি স্বাধীন কিছু করার তীব্র ইচ্ছে তাঁর মনে জাগে। পর্যাপ্ত মূলধন না থাকলেও তিনি পিছপা হননি। স্বজনদের কাছ থেকে মাত্র ৩০,০০০ টাকা ধার নিয়ে ২০২৩ সালের শুরুতে নিজের থাকার ঘরটিকে কেন্দ্র করে প্রথমে ছোট একটি রেস্টুরেন্ট চালু করেন।

পরবর্তীতে পর্যটকদের রাত্রিযাপনের আগ্রহ দেখে নীলা ও তাঁর পরিবার নিজেদের মাটির দুটি ঘর পর্যটকদের জন্য ছেড়ে দেন। এভাবে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি আনুমানিক দেড় বছর আগে আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটির প্রথম হোমস্টে হিসেবে এর যাত্রা শুরু হয়। আজ কোনো বড় মূলধন ছাড়াই শুধুমাত্র অদম্য ইচ্ছা ও আন্তরিকতায় গড়ে ওঠা এই উদ্যোগটি হাজারও ভ্রমণপ্রেমীর হৃদয়ে স্থান করে নিয়েছে।

কেন যাবেন গরবা গুদি?

  • কৃত্রিমতাহীন প্রকৃতি: তথাকথিত রিসোর্টের মতো আধুনিক বিলাসবহুল আসবাবের বদলে এখানে পাবেন মাটির আল্পনা আঁকা ঘর, বাঁশ ও ছনের তৈরি মাচাং এবং ছায়াসুনিবিড় ফলদ বাগান।
  • জোনাকি আর জোছনার রাত: রাত্রে নেটওয়ার্ক ও বৈদ্যুতিক কোলাহল থেকে দূরে লেকের পাড়ে বসে নিরিবিলি জোছনা দেখা, তারার আলো উপভোগ করা এবং জোনাকির আলো খেলা করার অভিজ্ঞতা পাবেন।
  • লেক সাইড ক্যাম্পিং: লেকের একেবারে পানি ছুঁয়ে থাকা তাঁবুতে (Camping) রাত কাটানোর ব্যবস্থা রয়েছে।

পাহাড়ী সংস্কৃতি ও আন্তরিক আতিথেয়তা

গরবা গুদিতে গেলে কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং পাহাড়ি ঐতিহ্য ও চাকমা জনগোষ্ঠীর আন্তরিক জীবনযাত্রার সরাসরি স্বাদ পাওয়া যায়। মাচাং ঘরে হাঁটু মুড়িয়ে পাটিতে বসে পাহাড়ি খাবার খাওয়া, স্থানীয় বাগান থেকে নিজ হাতে তাজা ফল পেড়ে খাওয়া কিংবা নদীর তাজা মাছ ও বাঁশকরোলের রেসিপি আস্বাদন করার মধ্য দিয়ে এই সাংস্কৃতিক আতিথেয়তা প্রকাশ পায়।

দর্শনীয় স্থান ও বিশেষ আকর্ষণ

  • গরবা গুদি দ্বীপের (Gorba Gudi Dwip) জীবন ও লেকের জলে সাঁতার: লেকের স্বচ্ছ নীল জলে স্নান করা, ডিঙ্গি নৌকা চালানো কিংবা দোলনায় বসে হাওয়া খাওয়ার দারুণ সুযোগ।
  • চাকমা বাজার (ধনপাতা বাজার): মাত্র ১০০-২০০ টাকা বোট ভাড়ায় পাশেই যাওয়া যায় ধনপাতা বাজারে। সেখানে রয়েছে প্রাচীন বিশাল এক বটগাছ এবং সপ্তাহের বিশেষ দিনে স্থানীয় পাহাড়িদের বৈচিত্র্যময় হাট।
  • নির্বাণনগর বৌদ্ধ মন্দির: ১৫ একর জায়গায় অবস্থিত প্রায় ১১ বছরের পুরোনো এই বিহারটিতে রয়েছে ১২৬ ফুট লম্বা বুদ্ধ মূর্তি এবং ৫ রঙের ঐতিহ্যবাহী বৌদ্ধ পতাকা।
  • রাঙ্গামাটির ঝুলন্ত সেতু: ১৯৮০ সালে তৈরি ৩৩৫ ফুট দীর্ঘ এই ল্যান্ডমার্ক সেতু ও পলওয়েল পার্ক ঘুরে দেখা যায়।

থাকা ও খাওয়ার খরচ / প্যাকেজ

মাটির ঘর / মাচাং ঘর (থাকা): জনপ্রতি ৩০০ টাকা (ঘরের মধ্যে আল্পনা করা জানালা, খাট ও সাধারণ আসবাব রয়েছে)।

ক্যাম্পিং প্যাকেজ (থাকা + ৩ বেলা খাবার): জনপ্রতি মাত্র ১,১০০ টাকা (যার মধ্যে তাঁবুতে থাকা এবং ৩ বেলা ভরপেট পাহাড়ি খাবার অন্তর্ভুক্ত)।

অল-ইনক্লুসিভ ডে-নাইট প্যাকেজ: প্রায় ১,৫০০ টাকা (থাকা, ৩ বেলা খাবার, বিকেলের নাস্তা এবং লেকের পরিবেশ উপভোগ)।

খাবারের মেনু (খুচরা হিসেব): জনপ্রতি ২৫০–৩০০ টাকার মধ্যে কাপ্তাই লেকের তাজা মাছ, পাহাড়ি দেশি মুরগি, বাঁশকরোল দিয়ে পাহাড়ি মিক্সড সবজি, আলু/ডিম/মরিচ ভর্তা এবং সুস্বাদু ডাল পাওয়া যায়।

যোগাযোগ

গরবা গুদি হোমস্টে ও ইকো রেস্টুরেন্ট
কাপ্তাই লেক, রাঙ্গামাটি
মোবাইলঃ 01872-249503
ই-মেইলঃ nilachakma23@gmail.com 
Facebook Page | Google Map

কিভাবে যাবেন

ঢাকা বা দেশের যেকোনো প্রান্ত থেকে: প্রথমে বাস বা ট্রেনে করে চট্টগ্রাম চলে আসুন। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথ’ থেকে সরাসরি সিএনজি করে কাপ্তাই যেতে পারেন (জনপ্রতি ভাড়া লাগবে ১০০ টাকা, রিজার্ভ নিলে ৫০০-৫৫০ টাকা)। 

কাপ্তাই নতুন বাজার বা লিচুবাগান নেমে সিএনজি দিয়ে এসএসডি ঘাট (SSD Ghat) বা নৌবাসিটি ঘাটে যেতে হবে সিএনজি ভাড়া লাগবে  ১৫০-২০০ টাকা।

ঘাট থেকে গরবা গুদি (বোট ভ্রমণ)

  • এসএসডি ঘাট: এখান থেকে ২-৬ জনের ছোট ইঞ্জিনের নৌকা পাওয়া যায়। ভাড়া ২০০-৩০০ টাকা (সময় লাগে ২০-২৫ মিনিট)। মনে রাখবেন, এসএসডি ঘাট দিয়ে যেতে হলে সন্ধ্যা ৭টার আগেই ঘাটে পৌঁছাতে হবে।
  • নেভাল ঘাট/নৌবাহিনী ঘাট: এখান থেকে ১০ মিনিটে ২০০ টাকা ট্রলার ভাড়ায় সরাসরি দ্বীপে যাওয়া যায়।
  • কাপ্তাই বোট ঘাট: বড় দল বা গ্রুপের জন্য বড় নৌকা রিজার্ভ নিয়ে আসা সুবিধাজনক (ভাড়া লাগবে প্রায় ২,০০০ টাকা)।

যান্ত্রিকতা আর শহরের ক্লান্তি পেছনে ফেলে একটু শান্তির খোঁজে হারিয়ে যেতে পারেন কাপ্তাই লেকের শান্ত নীল জলরাশিতে। যেখানে সকালের ঘুম ভাঙবে পাহাড়ি পাখির কলতানে আর গায়ে মেখে যাবে দখিনা বাতাসের মিষ্টি পরশ এমন এক স্বপ্নের ঠিকানা ‘গরবা গুদি’। প্রকৃতির খাঁটি অভিজ্ঞতা আর পাহাড়ি উষ্ণ আতিথেয়তা পেতে জীবনের ব্যস্ত তালিকা থেকে কিছুটা সময় বের করে ঘুরে আসুন অনন্য এই নীড় থেকে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।