বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি আর দেশজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর সড়কগুলো মোটরসাইকেল চালকদের জন্য এক স্বর্গরাজ্য। উত্তাল সমুদ্রের তীর থেকে উঁচু পাহাড়ের বাঁকা পথ, বা হাওরের বুক চিরে যাওয়া নিরিবিলি রাস্তা, প্রতিটি সড়কই অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের আহ্বান জানায়।

আজকের রোড ট্রিপ গাইডে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় ১৫টি সড়ক সম্পর্কে। এই রাস্তাগুলোতে বাইক রাইডিং করতে গেলে স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রতিটি বাঁকে লুকিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাই মূল আকর্ষণ।

রোড ট্রিপের সময় সবসময় হেলমেট পড়ুন, স্পিড সীমা মেনে রাইড করুন, নিরাপদ থাকা মানেই রোড ট্রিপের আনন্দ দ্বিগুণ। আর পাহাড়ের কিছু রোড ট্রিপ বিপদজনক, অভিজ্ঞতা ছাড়া রাইডিং উচিত নয়!

কক্সবাজার মেরিন ড্রাইভ রোড

কক্সবাজার – টেকনাফ এর মেরিন ড্রাইভ রোড ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। একদিকে উত্তাল সমুদ্র সৈকত এবং অন্যদিকে সবুজ পাহাড়ের বৈচিত্র্যময় দৃশ্য উপভোগ করতে করতে পথ চলার দারুন অভিজ্ঞতা এখানে পাওয়া যায়। এই পথে হিমছড়ি ও ইনানী সমুদ্র সৈকতের মতো দর্শনীয় স্থানও রয়েছে। ৮০ কিলোমিটার দীর্ঘ এই রোডটিকে বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে বিবেচনা করা হয়।

বান্দরবান – আলীকদম রোড

বান্দরবান জেলা থেকে থানচি উপজেলা এবং আলীকদম উপজেলার সংযোগকারী সড়কটি বাংলাদেশের অন্যতম উঁচু এবং সুন্দর সড়ক। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রায় ২৫০০ ফুট উচ্চতার ডিম পাহাড় এর উপর দিয়ে আঁকাবাঁকা পথে চলে গেছে। এই সড়ক ভ্রমণে দেখা যাবে চিম্বুক, নীলগিরি সহ আরও অনেক দর্শনীয় স্থান। পাহাড়ে বাইক রাইডিং এর পুর্ব অভিজ্ঞতা না থাকলে এই পুরো রোড ভ্রমণ উচিত হবেনা। যাত্রাপথে সেনাবাহিনীর চেকপোস্টে অনুমতি নিয়ে যেতে হবে।

বান্দরবান – কেওক্রাডং রোড

বর্তমানে বাইক রাইডারদের জন্যে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। বান্দরবান শহর থেকে কেওক্রাডং এর দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। পুরোটা পথ পাহাড়ি রাস্তা। বিশেষ করে রুমা থেকে কেওক্রাডং পথে যেতে বাইক রাইডিং এ বেশ অভিজ্ঞতার দরকার হয়। যাওয়ার পথে বগালেক এর দেখা মিলবে। কেওক্রাডং যেতে গাইড ও অনুমতির দরকার হয়। বিস্তারিত জানতে পড়ুন কেওক্রাডং ভ্রমণ গাইড।

খাগড়াছড়ি – সাজেক রোড

খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার এই রোডটি অনেকদিন থেকেই রাইডারদের মাঝে জনপ্রিয়। পুরো ৭০ কিলোমিটার পথ পাহাড়ি রাস্তা হলেও আশেপাশের দৃশ্যের কারণে বাইকারদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয়। পাহাড়ি পথে বাইক রাইডিং এর অভিজ্ঞতা থাকলে এই পথে ভ্রমণ বাড়তি আনন্দ দিবে। সাজেক ভ্রমণের পাশাপাশি এই রাস্তার সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই।

রাজস্থলী – ফারুয়া সীমান্ত সড়ক

ফারুয়া সীমান্ত সড়ক

রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়ক রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা সদর থেকে বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন পর্যন্ত একটি সুন্দর সড়ক। ২৫ কিলোমিটার এই পথের বিশেষ আকর্ষণ হলো এর জিগজ্যাগ রোড বা জেড (Z) ক্যাটাগরির রাস্তা, যা সাধারণত হিমালয়ের দুর্গম গিরিপথগুলোতে দেখা যায়। দুই পাশে কাটা পাহাড় আর গভীর খাদ নিয়ে এই রাস্তাটি যেমন সুন্দর, তেমনি রোমাঞ্চকর। বসন্তের শুষ্ক সময়েও পাহাড়ের এই রূপ আপনাকে মুগ্ধ করবে, আর বর্ষায় এর সজীবতা যেন অন্য মাত্রা পায়। অ্যাডভেঞ্চার বাইক ট্যুর লাভার যারা আছেন, তাদের জন্য এই রুটটি হতে পারে সেরা গন্তব্য।

মধুপুর – টাঙ্গাইল ফরেস্ট রোড

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের অংশবিশেষ হিসেবে মধুপুর ফরেস্ট রোড প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ আকর্ষণ। এই পথ ধরে চলতে গেলে রাস্তার দুইপাশে দেখা মিলবে গজারি এবং বিভিন্ন প্রজাতির গাছ। নিস্তব্ধতা এবং পাখির কলরবে এই বনাঞ্চল সবসময়ই মুখরিত থাকে। এই সড়কের দৈর্ঘ প্রায় ৪৭ কিলোমিটার।

যশোর – বেনাপোল রোড

যশোর-বেনাপোল সড়কটি ঐতিহাসিকভাবে যশোর রোড নামে পরিচিত যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে। ব্রিটিশ আমলে নির্মিত এই সড়কটি যশোর থেকে শুরু হয়ে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এই সড়কের দুইপাশে শতবর্ষী রেইনট্রি ও কড়ই গাছের সারি দেখা যায়। ছায়ায় ঢেকে থাকা এই রাস্তা মোটরসাইকেল রাইডারদের কাছে খুবই জনপ্রিয়। সড়কপথের দৈর্ঘ প্রায় ৭০ কিলোমিটার।

সিন্দুকছড়ি – মহালছড়ি রোড

খাগড়াছড়ির সিন্দুকছড়ি – মহালছড়ি রোড বাইকরাইডারদের জন্য একটি নতুন আকর্ষণীয় রাস্তা। প্রায় ১৩ কিলোমিটার এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন রাস্তার একটি। অভিজ্ঞ বাইকার যারা আঁকাবাঁকা রাস্তায় কর্নারিং পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে উপযোগী। ভাল স্কিল না থাকলে তা না করাই উত্তম। রামগরের জালিয়াপাড়া সিন্ধুকছড়ি হয়ে এই সড়ক শেষ হয়েছে মহালছড়িতে। মহালছড়ি থেকে যাওয়া যায় রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি।

রাঙ্গামাটি – কাপ্তাই রোড

রাঙ্গামাটি থেকে কাপ্তাই রোড, যা আসামবস্তি রোড নামেও পরিচিত। একদিকে লেকের শান্ত পানি, আর অন্যদিকে পাহাড়ের সমারোহ। মোটরসাইকেল ভ্রমণের জন্য রাঙ্গামাটি-কাপ্তাই রোড সব অ্যাডভেঞ্চার প্রিয় বাইকারদের কাছেই পছন্দের। রাঙ্গামাটির আসাম বস্তি থেকে কাপ্তাই পর্যন্ত এই রোড প্রায় ২৬ কিলোমিটার। এই রোড ট্রিপের পাশাপাশি কাপ্তাই লেক ভ্রমণ দিবে বাড়তি আনন্দ।

মিঠামইন – অষ্টগ্রাম হাওর রোড

মিঠামইন অষ্টগ্রাম হাওর রোড

হাওরের বুক চিরে গড়ে উঠেছে মিঠামইন অষ্টগ্রাম হাওর রোড। বিশেষ করে অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা এই তিন উপজেলায় সংযোগের জন্যে ৪৭ কিলোমিটার উঁচু পাকা সড়ক (অলওয়েদার রোড) যে কোন সময় হাওরের ভিন্ন ভিন্ন রূপ দেখার জন্যে ঘুরে আসতে পারেন। বিশেষ করে বাইকারদের কাছে এই রোড অনেক জনপ্রিয়।

কলমাকান্দা – পাঁচগাঁও বর্ডার রোড

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বর্ডার রোডটি দুর্গম হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এছাড়া বাইকারদের কাছে এই রোড অনেক জনপ্রিয়। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত, যেখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় দেখা যায়। শীতের শুকনো সময়ে এই রোড দিয়ে যাওয়া যায় সুনামগঞ্জের টেকেরঘাট নীলাদ্রি লেকেও।

শ্রীমঙ্গল – ভানুগাছ রোড

সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে সুপরিচিত। বর্তমানে শ্রীমঙ্গল টু ভানুগাছ রোড বাইকার সহ সকল ভ্রমণ প্রেমিদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই রাস্তার দুই পাশে প্রায় ১ কিলোমিটার রাস্তায় দেখা মিলবে কৃষ্ণচূড়া, জারুল, রাধাচূড়া, সোনালু ও জারুল গাছের। গ্রীষ্মকালে যখন ফুল আসলে এই রাস্তার সৌন্দর্য বেরে যায় বহুগুনে। আর দুই পাশের চা বাগান ত আছেই।

জাফলং – তামাবিল রোড

জাফলং-তামাবিল সড়কটি সিলেট জেলার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রাস্তা। এই রাস্তায় যাত্রাপথে দুইপাশে সবুজ পাহাড়, নদী ও ঝর্ণার দেখা যায়, যা বাইকারদের জন্য মনে রাখার মত সৃতি তৈরি করে। এই রাস্তাটি বাংলাদেশের তামাবিল স্থলবন্দর পর্যন্ত গিয়ে ভারতের মেঘালয় সীমান্তকে সংযুক্ত করেছে। সড়কটি ভ্রমণ ও বাণিজ্যিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে জাফলংয়ের পর্যটন এবং সীমান্ত বাণিজ্যের জন্য এটি অন্যতম প্রধান সংযোগপথ। পড়ুন আমাদের জাফলং ভ্রমণ গাইড

তামাবিল – ভোমরা স্থল বন্দর রোড

তামাবিল থেকে ভোমরা স্থলবন্দর রোড বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ক্রসকান্ট্রি রোড। তামাবিল থেকে ভোমরা স্থলবন্দর রোড ৫৩৭ কিলোমিটার দীর্ঘ। এই রোডে যাত্রার সময় সুবিশাল পাহার থেকে শুরু করে ম্যানগ্রোভ বন সবকিছুই দেখার সুযোগ পাবেন। বাইকারদের কাছে এই রোড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়।

চলনবিল রোড

নাটোর এবং সিরাজগঞ্জ জেলার মধ্য দিয়ে চলে যাওয়া এই সড়ক পথটি দেশের বৃহত্তম বিল চলনবিল এর মাঝখান দিয়ে গেছে। বর্ষাকালে চারিদিকে অথৈ জলরাশি আর মাঝখান দিয়ে বয়ে চলা সরু পিচঢালা পথ। এই মনোরম দৃশ্য দেখতে বাইকাররা এই রাস্তায় ভ্রমণ করেন।

মোটরসাইকেলে ভ্রমণ সতর্কতা

  • অবশ্যই যাত্রার আগে বাইক সম্পূর্ণ চেক করুন, ত্রুটিমুক্ত আছে কি না।
  • হেলমেট ও সেফটি গিয়ার ব্যবহার করুন।
  • আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা শুরু করুন।
  • পার্বত্য অঞ্চলের বেশিরভাগ রাস্তা শুধু অভিজ্ঞ চালকদের জন্য উপযুক্ত।
  • রাস্তার কিছু অংশ অনেক সময় খারাপ হতে পারে,তাই সাবধানে বাইক চালাবেন।
  • দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিরতি নিন।
  • পর্যাপ্ত জ্বালানি ও খাবার সঙ্গে রাখুন।
  • একটি ফার্স্ট-এইড কিট সাথে রাখা।
  • একা না গিয়ে গ্রুপ করে যাওয়া ভাল।

আপনার অভিজ্ঞতায় কোন রাস্তায় বাইক ভ্রমণের জন্যে সবচেয়ে সেরা? জানান আমাদের কমেন্ট করে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।